বিএমইউর হেমাটোলজি বিভাগ ও মেডিস্থান হেলথ কেয়ার এর উদ্যোগে
বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে সিএমই ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে নবদিগন্তের সূচনার আশাবাদ
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শহীদ ডা. মিল্টন হলে আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিএমইউর হেমাটোলজি বিভাগ ও মেডিস্থান হেলথ কেয়ারসহ আরো কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান এর উদ্যোগে ওয়ান ডে, টু ইনিশিয়েটিভ স্লোগান নিয়ে ‘কন্ডিশনিং ফর এ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন’ নিয়ে সিএমই প্রোগ্রাম এবং হেমাটো অনকোলজি স্ক্রিনিং ও কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন এর প্রধান ডা. ভিভোর শর্মা। এসকল আয়োজনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজিক্যাল বা রক্তের বিভিন্ন সমস্যা ও রোগে আক্রান্ত জটিল রোগীদের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লানটেশন নিয়ে নবদিগন্তের সূচনার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেয়ার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
সিএমই প্রোগ্রামে জানানো হয়, হেমাটো অনকোলজি স্ক্রিনিং ও কনসালটেশন প্রোগ্রাম এর আওতায় বিদেশের পাঁচজনের বিশেষজ্ঞ চিকিৎসক টিম ও বিএমইউর হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের যৌথ প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার দেশের ১৬০ জন হেমাটোলজিক্যাল রোগীর স্ক্রিনিং ও রোগের ইতিহাস লিপিবদ্ধ করা হয়। এখান থেকে বাছাইকৃত রোগীদের যাদের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন প্রয়োজন হবে তাদেরকে বিএমইউতেই বোনম্যারো ট্রান্সপ্লানটেশন সম্পন্ন করা হবে। সিএমই প্রোগ্রামে মেডিস্থান হেলথ কেয়ার এর পরিচালক ডা. মাসকুর আহমদ উসমানী, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুজ্জামান খান, অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর, অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ প্রমুখসহ হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।





