বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ৭৪তম একাডেমিক কাউন্সিল ও ৯৯তম সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহে পরিদর্শনের ক্ষেত্রে বিদ্যমান নিয়মনীতি বজায় রেখে প্রয়োজনে ঝটিকা বা নীরব পরিদর্শন করার জন্য পরিচালক (পরিদর্শন) অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

উক্ত নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়ের তত্ত্বাবধায়নে সার্জারী অনুষদে চলমান ২০টি বিভাগের মধ্যে অবস এন্ড গাইনী বিভাগ, চক্ষু বিজ্ঞান বিভাগ, কমিউনিটি অফথালমোলজি বিভাগ, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারী বিভাগ ও ইউরোলজি বিভাগ পরিদর্শন করেন।

এসময় সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক), অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, সার্জারী অনুষদের ডীন, অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম সিদ্দিক, ইউরোলজি বিভাগের অধ্যাপক ও পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকূল ইসলাম, অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম, কোর্স ডাইরেক্টর, সার্জারী অনুষদ ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মানিত উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকী মহোদয় এসকল বিভাগের একাডেমিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও প্রশাসনিক বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের সাথে আলাদা ভাবে আলোচনা করেন। শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বা ডিজিটাল হাজিরার বিষয়েও খোঁজখবর নেন। এ প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদনা: অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।





